কেন সৌম্য-জাকের অস্টেলিয়া সিরিজের দলে, কেন নেই জয়-হৃদয়

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই চোটের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলের তিন মূল তারকা—লিটন দাস, শরিফুল ইসলাম ও গতি তারকা নাহিদ রানা। চোটের এই অস্থিরতার মাঝেই দীর্ঘ ৫ বছর পর টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটেছে ওপেনার সৌম্য সরকারের। এছাড়া দীর্ঘ ২৮ মাস পর টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান।

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। একই সময়ে বাংলাদেশ 'এ' দল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলতে যাবে। ফলে ব্যাক-আপ প্লেয়ার তৈরি ও স্কোয়াড সাজাতে প্রধান নির্বাচন হাবিবুল বাশার সুমন ও নির্বাচক প্যানেলকে বেশ কঠিন হিসাব-নিকাশ করতে হয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজের দল গঠন করতে গিয়ে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা সংবাদ সম্মেলনে খোলাসা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

'চোটের কারণে যে অবস্থা হয়েছে, এটা খুবই চ্যালেঞ্জিং। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। মূল খেলোয়াড় যারা, তারা অন্তত একটি টেস্ট খেলতে পারে কি না, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। আমরা সপ্তাহখানেক আগেই দল দিতে চেয়েছিলাম', বলেন হাবিবুল।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষ কতটা শক্ত, তা স্মরণ করিয়ে দিয়ে বাশার আরও যোগ করেন, "অস্ট্রেলিয়া যে দল, ওদের মাটিতে অনেক শক্তিশালী। স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। তবে যারা আছে, তাদের নিয়ে আমরা সম্ভাব্য সেরা দলই গড়েছি এবং আমি আশাবাদী এই দল নিয়েই আমরা ভালো করব।"

৫ বছর পর টেস্টে সৌম্য, বাদ পড়লেন মাহমুদুল

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সৌম্য সরকার। জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন এই বাঁহাতি ওপেনার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বশেষ আসরে ৭ ম্যাচে ৪৫.২১ গড়ে ৬৩৩ রান করে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ফরমের পাশাপাশি অস্ট্রেলিয়ার বাউন্সি ও পেস সহায়ক উইকেটে সৌম্যর খেলার পূর্ব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে নির্বাচন কমিটি। হাবিবুল বলেন: "সৌম্য অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। যেই পেসটা আমরা অস্ট্রেলিয়াতে প্রত্যাশা করছি, এটা খেলে সে অভ্যস্ত। আমরা অন্য ওপেনারের কথাও ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই।"

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না থাকায় বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। শেষ ৬ ইনিংসে ৪ বারই এক অঙ্কের ঘরে আউট হওয়া এই ওপেনারকে নিয়ে হাবিবুল জানান, জয়কে এই মুহূর্তে খানিকটা 'নড়বড়ে মনে হচ্ছে। অস্ট্রেলিয়ায় একাদশে সুযোগ কম থাকার সম্ভাবনা থাকায় তাঁকে আপাতত 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে ছন্দ ফেরানোর পরিকল্পনা করা হয়েছে।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হলেও ইতিবাচক কিছু করতে পারেননি তাওহিদ হৃদয় (২ ও ৯ রান)। নিয়মিত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দলে ফেরায় অস্ট্রেলিয়া সিরিজের একাদশে হৃদয়ের খেলার সুযোগ কমে গেছে। তবে তাঁকে লাল বলের ভবিষ্যৎ হিসেবেই দেখছে বিসিবি।

হৃদয় ও মাহিদুল ইসলাম অংকনকে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের চার দিনের ম্যাচে পাঠানোর ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'তাওহীদ হৃদয়কে আমরা ভবিষ্যতে টেস্ট ব্যাটসম্যান হিসেবে চিন্তা করছি। সামনে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ আছে, তারা খুব ভালো দল। আমরা তাকে ওখানেই পাঠাচ্ছি।'

অন্যদিকে, ২০২৩ সালের জুনে সর্বশেষ টেস্ট খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী আবারও মূল দলে ফিরেছেন। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে খেলে নিজের আত্মবিশ্বাস ও ফর্ম পুনরুদ্ধার করায় তাঁকে পুনরায় জাতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত