ফের বাবা হওয়ার আভাস দিলেন দক্ষিণী তারকা রামচরণ। সোশাল মিডিয়ায় এমন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি। সেখানে রামচরণ ও তার স্ত্রী উপাসনাকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন, বাবা চিরঞ্জীবীর নাতি কোলে পাওয়ার ইচ্ছা থেকেই ফের বাবা হওয়ার সিদ্ধান্ত নিলেন রামচরণ?
এই বিতর্কের শুরু হয়েছিল বছরের শুরুতেই। ছেলে রামচরণের কন্যাসন্তান হওয়ার খবরে যে অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জীবী বেশ অখুশি তা জনসমক্ষেই বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, ‘আমি ভীত দ্বিতীয়বার রামচরণ বাবা হলে যেন আবারও কন্যাসন্তানের জন্ম না দেয়। আমি চাই ও এবার অন্তত একটি পুত্রসন্তানের জন্ম দিক। যাতে আমাদের পরিবারের ঐতিহ্য বজায় থাকে। আমি যখন আমার বাড়িতে থাকি তখন আমার মনে হয় না যে, আমি আমার নাতনিদের সঙ্গে রয়েছি। আমার মনে হয় যেন আমি একটা লেডিজ হস্টেলে রয়েছি।’ চিরঞ্জীবীর এই মন্তব্য রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। এবার কি সেই কথা মাথায় রেখেই দ্বিতীয়বার বাবা হচ্ছেন রামচরণ?