শনিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকল মহানগরী ও বিভাগীয় সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবিসমূহ হলো

১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এতে আরও বলা হয়, ঘোষিত ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকল মহানগরী ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।