ছাত্রনেতাদের বিয়ে ও চাকরির আশ্বাস জামায়াত আমিরের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাঁদের বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুধু বিয়ের আয়োজন নয়, তাঁদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে জামায়াতের ভূমিকা সম্পর্কে জানতে চান। পাশাপাশি ব্যক্তিগত পরামর্শের অংশ হিসেবে বিয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি।

মিনহাজ বলেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার বয়সে কিছুটা বড় হওয়ায় নিয়মিত বিয়ের জন্য তাগাদা দিচ্ছেন। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ চান তিনি।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বিয়ের জন্য তাঁদের অভিনন্দন। বয়স হয়েছে, এখন বিয়ে করে সংসারী হওয়া উচিত। এ সময় অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বিয়ে কেবল ব্যক্তিগত আনন্দের বিষয় নয়, বরং সভ্যতা ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। উপযুক্ত সময়ে বিয়ে ও সন্তান নেওয়ার প্রবণতা কমে গেলে দীর্ঘমেয়াদে জনসংখ্যা সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্র সংসদ নেতাদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, তাঁদের বিয়ের ক্ষেত্রে পাশে থাকবেন এবং ভালো পরিবারে বিয়ের ব্যবস্থা করে দেবেন।

কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হওয়া উচিত। তাঁদের চাকরির ব্যবস্থা করার চেয়ে নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত দেখতে চান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সম্ভাবনাকে কাজে লাগাতে চান তাঁরা। আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এ অগ্রযাত্রা শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত