বগুড়ায় আধিপত্য বিস্তারের জেরে অপরাধীদের অভয়ারণ্য খ্যাত শহরের উত্তর চেলোপাড়ার (সান্দারপট্টি) অর্ধশতাধিক বাসিন্দাদের বিরুদ্ধে নারুলী পশ্চিমপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসময় ধারালো অস্ত্রে কুপিয়ে ৪ জনকে আহত করা হয়েছে ও ১টি দোকানসহ ৩/৪টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার পর এঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
এঘটনায় আহতরা হলেন, নারুলী পশ্চিম পাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে রবিন (২৫) ও পিচ্চি মিয়া (২২), মৃত জাবুল প্রামানিকের ছেলে আশরাফ (২৮) ও অজ্ঞাত একজনের পরওচয় পাওয়া যায়নি।
সদর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারের জেরে অপরাধীদের অভয়ারণ্য খ্যাত শহরের উত্তর চেলোপাড়ার (সান্দারপট্টি) অর্ধশতাধিক বাসিন্দাদের একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নারুলী পশ্চিমপাড়া এলাকায় হামলা করে। ধারালো অস্ত্রের হামলায় ৪ জন আহত হয়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা অভিযোগ করেন, উত্তর চেলোপাড়ার (সান্দারপট্টি) অর্ধশতাধিক বাসিন্দাদের একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নারুলী পশ্চিমপাড়া এলাকায় হামলা করে বাড়ি ঘরে লুটপাট চালায়। লুটপাট শেষে আগুন ধরিয়ে দিয়ে এলাকা থেকে সটকে পড়ে। এসময় তারা দেশিয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলেও দাবি করে।
বগুড়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লেগে নারুলী পশ্চিম পাড়ায় ১টি দোকানসহ ৩/৪টি বাড়ি পুড়ে গেছে। তবে কোন হতাহত হয়নি।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, বিকেল ৪টার দিকে খবর পাই, উত্তর চেলোপাড়ার লোকজন দেশিয় অস্ত্রে হামলা করেছে। এসময় ৪জন আহত হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।