পাকিস্তানে ১৮ বছর পর টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটল অবশেষে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় শেষ করেছে প্রোটিয়ারা। এই জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা রক্ষার অভিযানে প্রথম সাফল্য তাদের।

পাকিস্তানের ৩৩৩ রানের জবাবে ৪০৪ রান তুলে প্রথম ইনিংসে ৭১ রানে এগিয়ে থাকে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪ উইকেটে ৯৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। সেখান থেকে গতকাল চতুর্থ সকালে বাবর আজম ও রিজওয়ানের ওপর ভরসা করছিল স্বাগতিকরা। কিন্তু দিনের দ্বিতীয় বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করে তিন বল পরেই আউট হন বাবর। এরপর শুরু হয় ধস। সাইমন হারমারের স্পিনের জাদুতে পাকিস্তান ব্যাটাররা নাকাল হয়েছেন। ৪৪ রান তুলতেই গুটিয়ে যায় পাকিস্তান। ছয় উইকেট তুলে নিয়ে নিজের প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করেন হারমান, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে মাত্র চতুর্থ বোলার যিনি এই কীর্তি গড়লেন।

মাত্র ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা সহজেই জয় তুলে নেয়। ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম করেন ৪২ এবং রিকেলটন অপরাজিত থাকেন ২৫ রানে।

সিরিজ শেষে এখন দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-২০ সিরিজে। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলটি এরপর ভারতে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের সিরিজ খেলতে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ৩৩৩ ও ১৩৮ (বাবর ৫০, হারমার ৬/৫০, মহারাজ ২/৩৪)।

দক্ষিণ আফ্রিকা ৪০৪ ও ৭৩/২।