অস্ট্রিয়া যে ক্রিকেট খেলে, সেটাই তো লোকে জানে না! সেই দেশেরই তারকা ব্যাটার করণবীর সিং এবার ইতিহাস গড়লেন। তিনি এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন। করণবীরের পেছনে পড়ে গেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ভারতের সূর্যকুমার যাদব।
২০২১ সালে রিজওয়ানের করা ১ হাজার ৩২৬ রান এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের রেকর্ড ছিল। কিন্তু চলতি বছর রোমানিয়ার বিপক্ষে সিরিজে করণবীর সেই রেকর্ড ভেঙে দেন। সিরিজ শুরুর আগে তিনি রিজওয়ানকে ছাড়িয়ে যেতে আরও ৮৭ রানের প্রয়োজন ছিল। প্রথম ম্যাচে ২৭ বলে ৫৭ রান এবং দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে ৯০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি রেকর্ডটি নিজের করে নেন।
এরপর আরও দুটি ম্যাচে তিনি করেন ৪৪ বলে ৭৪ ও ১২ বলে ২৭ রান। তাতে তার মোট রান দাঁড়ায় ১,৪৮৮, যা এখন পর্যন্ত এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে, এই রেকর্ড ভাঙা সহজ হবে না। ২০২৪ সালের মে মাসে বেলজিয়ামের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের সময় করণবীর মাত্র ৬ রানে রানআউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় মৌসুমেই তিনি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। এখন পর্যন্ত ৪০ টি-টোয়েন্টিতে দুই সেঞ্চুরিসহ ৪৭.৮ গড়ে তার রান ১,৭২১।
এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা:
১. করণবীর সিং (অস্ট্রিয়া) – ১,৪৮৮ রান (২০২৫)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ১,৩২৬ রান (২০২১)
৩. সূর্যকুমার যাদব (ভারত) – ১,১৬৪ রান (২০২২)
৪. বিলাল জালমাই (অস্ট্রিয়া) – ১,০০৮ রান (২০২৫)
৫. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৯৯৬ রান (২০২২)