ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ড এবার দেখা দিলেন মাঠে নয়, রান্নাঘরে! নিজের নতুন ইউটিউব চ্যানেলে তিনি দেখালেন, শুধু গোল নয়— গরুও ভাজতে জানেন নরওয়েজিয়ান এই দানব!
ভিডিওর শুরুতেই হাল্যান্ড বলেন, "আজ দারুণ একটা দিন গেলো, শরীরের যত্ন নিতে যা যা করি— সবই করলাম!”
শুরুতে মনে হচ্ছিল, আবার নিশ্চয় সেই পুরোনো রুটিন— প্রোটিন শেক, হারবাল চা আর প্রাইভেট শেফের গল্প। কিন্তু না! এবার হাল্যান্ড এলেন নতুন মুডে — নিজের হাতে কফি বানাচ্ছেন, তাতে ঢালছেন ম্যাপল সিরাপ!
কেন? তিনি মনে করেন এটা “সুপারফুড”, যদি ঠিকভাবে বানানো যায়!
অবশ্যই ঠিকভাবেই বানান তিনি— শেষ পর্যন্ত তো এই লোকটা ১৪ ম্যাচে ২৪ গোল করেছেন!
এরপর আসে সকালের নাস্তা — নিজের হাতে রান্না করা ডিম আর সদ্য ডেলিভারি আসা পাউরুটি। পাশে বান্ধবী ইসাবেল হাউগসেং জোহানসেন, দুজনেই এমন মজা করে রান্না করছেন, মনে হচ্ছিলো এটা যেন কোনো রোমান্টিক কুকিং শো।
“আমি ১৬ বছর বয়স থেকে একা থাকি, তাই রান্না করতেই হয়,” বলেন হাল্যান্ড।
তবে ইনস্ট্যান্ট নুডলস নয়— তার পছন্দ ফ্যাটি স্টেক!
এরপর দেখা গেল, ঘরে বসেই হালান্ডের থেরাপিস্ট মারিও পাফুন্ডি এসেছেন ম্যাসাজ দিতে। হালান্ড মজা করে ডাকেন, “ফ্ল্যাট আর্স!"
সকালের ম্যাসাজ শেষ করেই রেড লাইট থেরাপি মেশিনের সামনে দাঁড়িয়ে ভিটামিন ডি নিচ্ছেন তিনি — মানে সূর্যের অভাব হলে হাল্যান্ডের নিজেরই সূর্য আছে!
তারপর গাড়ি নিয়ে ছুটলেন গ্রিনওক ফার্মে— কিনে আনলেন কাঁচা দুধ, মধু আর বিশাল স্টেক! বললেন, “আমি ফ্যাটি স্টেক সবচেয়ে ভালোবাসি।”
(পুষ্টিবিদরা হয়তো এখন চুল ছিঁড়ছেন, কিন্তু ফলাফল দেখুন— সেই ছেলেই গোল মেশিন!)
রাতে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বারবিকিউ জ্বালালেন, দুটো টোমাহক স্টেক এক হাতে।
ইসাবেল সালাদে ঢাললেন “অর্ধেক বাড়ির দামের সমান” অলিভ অয়েল— হাল্যান্ড তখন চোখ উঁচু করে তাকালেন, যেন ভাবছেন, “এটা কি এক্সট্রা ভার্জিন, নাকি এক্সট্রা খরচ?”
স্টেক যখন গ্রিলে, হাল্যান্ড বললেন ব্রিটিশ ঢঙে,“ইটস গোয়িং টু বি অ্যাবসোলিউটলি লাভলি!”
ফ্রেড ট্রুম্যানের চায়ের মতোই নরওয়ের এই যোদ্ধার স্টেকও দারুণ হয়ে উঠল।
শেষে কাঁটাচামচ ফেলে হাতেই খেলেন — কারণ হাল্যান্ড বলে কথা!
দা গার্ডিয়ান অবলম্বনে