১ লাখের 'মদ*খোর রাকুন' নিয়ে দেশে ফিরলেন হালান্ড!

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

মাঠের দুর্দান্ত পারফরম্যান্স আর গোলবন্যার পাশাপাশি নিজের মজার সব কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন নরওয়ের সুপারস্টার স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়েকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে গিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা বনে গেছেন তিনি। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, দেশে ফেরার সময় হালান্ড এমন এক কাণ্ড ঘটালেন যা নিয়ে এখন পুরো ইন্টারনেট দুনিয়ায় শোরগোল পড়ে গেছে।

বিশ্বকাপ মিশন শেষে গত সোমবার (১৩ জুলাই) নরওয়ের ওসলো বিমানবন্দরে যখন হালান্ড বিমান থেকে নামেন, তখন তাঁর হাতে দেখা যায় একটি অদ্ভুত জিনিস। কোনো ট্রফি বা মেডেল নয়, হালান্ডের হাতে ছিল একটি ট্যাক্সিডার্মি (সংরক্ষিত চামড়া বাঁধানো) রাকুন, যার হাতে আবার ধরা ছিল একটি হুইস্কির বোতল!

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই র্যাকুনের ছবি পোস্ট করে হালান্ড ক্যাপশনে লেখেন, "এটি নিজেই আমার পিছু পিছু বাড়ি চলে এসেছে!" শুধু তাই নয়, নতুন এই সঙ্গীর নাম কী রাখা যায়, তা নিয়ে ভক্তদের কাছে ভোটও চেয়েছেন তিনি। নাম রাখার দৌড়ে এগিয়ে আছে—কাউবয়, রেঞ্জার, টেক্স এবং আর.ও.ডব্লিউ।

জানা গেছে, টেক্সাসের ডালাসে কোয়ার্টার ফাইনালের আগে আইভরি কোস্টকে ২-১ গোলে হারানোর পর ডালাসের বিখ্যাত 'ওয়াইল্ড বিলস ওয়েস্টার্ন স্টোর'-এ শপিং করতে গিয়েছিলেন হালান্ড। সেখান থেকেই প্রায় ৭৫০ মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১লাখ টাকা) খরচ করে এই 'হুইস্কি রাকুন' কেনেন তিনি।

হালান্ড সোশ্যাল মিডিয়ায় এই রাকুনের ছবি দেওয়ার পরপরই শুরু হয় তুমুল ক্রেজ। ডালাসের সেই ওয়েস্টার্ন স্টোরের ওয়েবসাইট থেকে মুহূর্তের মধ্যেই এই মডেলের সব র্যাকুন এবং হালান্ডের কেনা টি-শার্ট 'সোল্ড আউট' হয়ে গেছে!

দোকানি জানান, "হালান্ড দোকানে আসার আগে কাউবয় হ্যাট সম্পর্কে কিছুই জানতেন না। আমরা তাঁকে একদম খাঁটি সাউদার্ন আতিথেয়তা দিয়েছি। তাঁর মতো একজন তারকা আমাদের দোকানে এসে সময় কাটিয়েছেন, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।"

বিশ্বকাপে নরওয়ের স্বপ্নভঙ্গ হলেও, মাঠের বাইরের এই রসাত্মক কাণ্ড দিয়ে আবারও ফুটবল ভক্তদের মন জয় করে নিলেন আর্লিং হালান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত