ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় বাইকের সঙ্গে সংঘর্ষের পর চলন্ত বাসে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন বহু। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় বাইকটি। সে অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। দুর্ঘটনার সময় অনেক যাত্রীই ঘুমিয়েছিলেন। তবে বাসে আগুন ধরেছে বুঝতে পারার পরেই তাদের অনেকে জানলা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান। কিন্তু অনেকেই বাইরে বেরোতে পারেননি। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাসটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকের শরীর এতটাই পুড়ে গিয়েছে যে তাদের নিশ্চিত করা যাচ্ছে না। কুর্নুলের সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
এদিকে এ ঘটনায় অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু দুঃখপ্রকাশ করেছেন। সরকারি সফরে এখন তিনি দুবাইয়ে। তবে দুর্ঘটনার খবর পেয়ে তিনি মুখ্যসচিব এবং অন্য সরকারি শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। আহতদের সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
একই সঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্ট করে চন্দ্রবাবু লেখেন, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মৃতদের পরিবারকে আমার অন্তরের সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।