লাইভে এসে পিসিবির নোটিশ ছিঁড়ে ফেললেন মুলতান সুলতানস মালিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মালিকানা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চলমান বিরোধ আরও ঘনীভূত হচ্ছে। মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক আলি খান তারিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় পিসিবির পাঠানো একটি নোটিশ ছিড়ে ফেলেছেন! তিনি এমন কিছু কথা বলেছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

পিসিবি সম্প্রতি আলী খানকে আইনি নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশে বলা হয়, আলী খান ফ্র্যাঞ্চাইজ চুক্তির একটি ধারা লঙ্ঘন করেছেন। একইসঙ্গে তাকে লিগ ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে সমালোচনার জন্য ক্ষমা চাইতেও বলা হয়। এরপরই লাইভে এসে আলী খান বলেন, ‘আপনারা সমালোচনা সহ্য করতে পারেন না। আপনাদের চারপাশে শুধু ‘হ্যাঁ-মানুষ’ আর দাসদের দেখতে চান!’

এরপর হাতে থাকা আইনি নোটিশ দেখিয়ে আলী খান বলেন, ‘পিএসএলকে আরও উন্নত করার চেষ্টার জন্য আমি ক্ষমা চাই। আমি দুঃখিত, কারণ আপনাদের গড়পড়তা মানসিকতা মেনে নিতে পারিনি। আমি দুঃখিত, কারণ আপনারা এত কম কাজ করে এত বেশি কৃতিত্ব নেন। আশা করি আমার ক্ষমা চাওয়ার ভিডিওটি আপনাদের ভালো লাগবে।’ এরপর তিনি নোটিশটি দু’টুকরো করে ছিঁড়ে ফেলেন।

উল্লেখ্য, আলী খান পিএসএল ড্রাফট আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান এবং পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এসবের পেছনে তিনি দায়ী করেছিলেন পিসিবির অদক্ষতাকে। অন্যদিকে পিসিবি অভিযোগ করেছে, তারিন ইচ্ছাকৃতভাবে পিএসএলের ব্র্যান্ডমূল্য কমানোর চেষ্টা করছেন, যাতে বছর শেষে পুনর্মূল্যায়নের সময় মুলতান সুলতানসের মালিকানা কম দামে কিনতে পারেন।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এখন আলী খানের এই ভিডিওবার্তা পর্যালোচনা করছে। বোর্ড চাইলে আলী খানকে কালো তালিকাভুক্ত করে মালিকানা বাতিল করতে পারে। এক্ষেত্রে আসন্ন মৌসুমে মুলতান সুলতানসের মালিক হিসেবে আলী খানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, দুই পক্ষের এই দ্বন্দ্ব পিএসএলের ভাবমূর্তিতেও ছায়া ফেলতে পারে।