লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটি এক ভিডিও প্রকাশ করে এই খবর নিশ্চিত করে। ভিডিওটিতে দেখা গেছে, ৩৮ বছর বয়সী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক নতুন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামের নির্মাণস্থলে দাঁড়িয়ে নতুন চুক্তিতে সই করছেন। এই স্টেডিয়ামটি ২০২৬ সালে উদ্বোধন হবে এবং এটিই হবে ইন্টার মায়ামির নতুন মাঠ। নতুন চুক্তি অনুযায়ী মেসি ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতে থাকবেন।
চুক্তি নবায়নের পর বিবৃতিতে মেসি বলেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পিএসজি থেকে মায়ামিতে আসেন মেসি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচে খেলেছেন, করেছেন ৭১ গোল ও ৩৬টি অ্যাসিস্ট। তার নেতৃত্বে দলটি জিতেছে লিগস কাপ ও এমএলএস সাপোর্টার্স শিল্ড।