দামুড়হুদায় বিএনপি ৯১ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে বিএনপির আরও ৯১ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাউলি ইউনিয়ন জামায়াত ও উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়। জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের সামাজিক কার্যক্রম ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, “যারা আজ জামায়াতে এসেছেন, তারা সত্যবাদিতা, হালাল জীবিকা ও ন্যায়ের পথে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করবেন — এই প্রতিশ্রুতিই আমাদের শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী ও যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলায় বিএনপি থেকে জামায়াতে যোগদানের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন এবং তারও আগে প্রায় চার শতাধিক বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।