যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। এ পদক্ষেপে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলায় বর্তমান সরকার উৎখাতের জল্পনাও তীব্র হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউএসএস জেরাল্ড ফোর্ড ও এর সঙ্গে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার লাতিন আমেরিকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইউএসসাউথকম এলাকায় এই অতিরিক্ত সেনা উপস্থিতি আমাদের সক্ষমতা বাড়াবে। এটি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধে সহায়ক হবে।’
তবে বিশ্লেষকদের মতে, মোতায়েনকৃত বাহিনী মাদক চোরাচালান প্রতিরোধের ঘোষিত লক্ষ্য ছাড়িয়ে সামরিক শক্তি প্রদর্শনে কাজে লাগতে পারে। ওয়াশিংটন ইদানীং ভেনেজুয়েলা প্রসঙ্গে ক্রমশ কঠোর অবস্থান নিচ্ছে।
লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ছয় হাজার নৌসেনা ও মেরিন সদস্য আটটি যুদ্ধজাহাজে রয়েছেন। এবার ইউএসএস জেরাল্ড ফোর্ড, পাঁচটি ডেস্ট্রয়ার ও চার হাজার ৫০০ অতিরিক্ত সদস্য তাদের সঙ্গে যুক্ত হবেন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছেন। তার মন্তব্যে ইঙ্গিত মেলে, দেশটিতে সামরিক হামলা হতে পারে। বিমানবাহী রণতরীটি বর্তমানে ভূমধ্যসাগরে রয়েছে। তবে লাতিন আমেরিকায় রণতরীটির পৌঁছানোর সময়সীমা এখনো স্পষ্ট নয়।