আর একদিন পরই লা লিগার মঞ্চে সবচেয়ে কাঙ্খিত লড়াই এল ক্ল্যসিকো হতে যাচ্ছে। এর আগে বার্সেলোনা দলে এলো দুঃসংবাদ। গুরুতর চোট থেকে সেরে ওঠার পথে থাকা রাফিনহাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাচ্ছে না বার্সেলোনা। খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।
জানা গেছে, রাফিনহা ডান উরুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গতকাল শুক্রবার অনুশীলনেও অংশ নিতে পারেননি। ফলে ঐতিহাসিক এই ম্যাচে তার খেলা হচ্ছে না। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর, রিয়াল ওভিয়েদোর বিপক্ষে বার্সেলোনার জয় পাওয়া ম্যাচে মাঠে নেমেছিলেন রাফিনহা। এরপর থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তার জায়গায় জোয়াও ফেলিক্স অথবা লামিনে ইয়ামালকে শুরু থেকেই খেলানো হতে পারে।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনহা জানিয়েছেন, তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এবং বার্সেলোনার জার্সিতেই ক্যারিয়ার শেষ করতে চান। বর্তমানে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে ২০২৭/২৮ মৌসুমের শেষ পর্যন্ত। চোটে পড়ার আগ পর্যন্ত দারুণ ফর্মে ছিলেন রাফিনহা। চলতি মৌসুমে বার্সা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন।