জামায়াতকে ভোট দেওয়া ধর্মীয়ভাবে বৈধ নয়: মনির কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া ধর্মীয়ভাবে বৈধ নয়।

শুক্রবার বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মনির কাসেমী বলেন, “নির্বাচনের সময় অনেক ইসলামী দল নিজেদের জান্নাতের টিকিট বিক্রেতা হিসেবে উপস্থাপন করে, কেউ কেউ আবার ধর্মীয় রীতিনীতির সীমা ছাড়িয়ে যায়। 

কেউ রোজা-পূজাকে এক করে ফেলে, কেউ আবার মন্দিরে গিয়ে গীতা পাঠ করে—এসব ইসলাম সম্মত নয়।”

জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “পাল্লা ন্যায়বিচারের প্রতীক হলেও যদি নিচে বাটখারা রাখা হয়, তা ন্যায় হয় না। 

ইসলামও তেমন—যদি বিকৃত ব্যাখ্যায় চালানো হয়, তা প্রকৃত ইসলাম নয়। আমরা মদীনার ইসলামে বিশ্বাসী, বিকৃত ব্যাখ্যার জামায়াতে ইসলামকে নয়। তাই তাদের ভোট দেওয়া বৈধ নয়।”

এ সময় তিনি স্থানীয় সমস্যার প্রসঙ্গ টেনে বলেন, “আগের সংসদ সদস্য শামীম ওসমান এলাকায় থাকতেন না, তাই উন্নয়নও হয়নি। সামান্য বৃষ্টিতেই ফতুল্লা পানিতে তলিয়ে যায়। আমি যদি নির্বাচিত হই, আগামী পাঁচ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করবো—না পারলে এখানেই থাকবো।”

মনির কাসেমী আরও বলেন, “যারা আওয়ামী লীগের হলেও কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নন, তাদের সম্মান দেওয়া হবে। তবে চাঁদাবাজি, দখল বা সন্ত্রাসের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না।”

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।