চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে গত বছর ভালো সুযোগ পেয়েও ব্যর্থ হতে হয়েছিল বসুন্ধরা কিংসকে। ভুটানের থিম্পুতে তিন ম্যাচেই হারের তেতো স্বাদ নিতে হয়েছিল বাংলাদেশ সেরাদের। স্বাগতিক থিম্পুকেও হারাতে পারেনি তারা। সেই তুলনায় এবারের কাজটা আরও কঠিন। তবে সেই কঠিণ পথটা পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে চায় আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের শীষ্যরা। আজ তাদের সামনে ওমানের জায়ান্ট আল সিব ক্লাব। কুয়েত সিটির জাবের আল মুবারাক আল সাবাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।
চ্যালেঞ্জ লিগের প্রথম আসর ছিল গতবার। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল ভারতীয় ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমেহ এফসি ও ভুটানের পারো এফসি। রোমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতার অধীনে তিন ম্যাচেই বাজে ভাবে হারতে হয়েছিল এর আগে টানা চারবার এএফসি কাপের গ্রুপ পর্বে খেলেও পরের ধাপে যেতে না পারা বসুন্ধরাকে। গত মৌসুমে লিগ জেতা হয়নি তাদের। সুবাদে চ্যালেঞ্জ লিগে খেলারই কথা ছিল না বসুন্ধরার। তবে ভাগ্য ক্রমে তাদের সুযোগ হয় প্রিলিমিনারি প্লে-অফে খেলার। কাতারের দোহায় অনুষ্ঠিত সে ম্যাচে বসুন্ধরা সিরিয়ার মুরাস ইউনাইটেডকে হারিয়ে নাম লেখায় গ্রুপ পর্বে।
এই আসরকে সামনে রেখে বসুন্ধরা উড়িয়ে আনে আর্জেন্টাইন অভিজ্ঞ কোচ মারিও গোমেজকে। তার অধীনে প্রায় দুমাস প্রস্তুতি নিয়ে কুয়েতে গিয়েছে পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ীরা। আজ বোঝা যাবে শক্তিশালী ওমানি প্রতিপক্ষকে রুখতে পারেনি কি না বসুন্ধরা। কোচ অবশ্য বেশ আশাবাদী।
প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা এই টুর্নামেন্টকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছি এবং খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা অনেকদিন ধরেই গুরুত্বপূর্ণ এই আসরের জন্য অনুশীলন করেছি। এখন সময় শুরুর ম্যাচে ভালো কিছু উপহার দেওয়া। আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে শুরুর ম্যাচে জয় পাই।'
'বি' গ্রুপে বাংলাদেশ ও ওমানের দল ছাড়াও আছে স্বাগতিক কুয়েত স্পোর্টিং ক্লাব ও লেবাননের আল আনসার এফসি। এই দুই দল আজ মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত দশটায়।