অভিযানে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

কু‌ড়িগ্রামের রা‌জিবপু‌রে অভিযানে গিয়ে ছয় পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজন‌কে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৪ অ‌ক্টোবর) উপজেলার মন্ডলপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘ‌টে।

আটকরা হলেন আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫)।

স্থানীয়দের বরাতে ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে রাজিবপুর উপ‌জেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পায় পু‌লিশ। প‌রে  সেখানে বিশেষ অভিযান চালাতে গেলে উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কয়েকজন দুবৃর্ত্ত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলে, দুর্বৃত্তরা পুলিশকে ওপর হামলা ক‌রে ছক্কু‌কে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হন।

ওসি জানান, হামলার ঘটনায় পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এক পর্যায়ে এ ঘটনার সঙ্গে জ‌ড়িত থাকায় আব্দুর রহিম আহমেদ ও ইয়াকুব আলীকে আটক করা হয়।