নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শনিবার ইন্দোরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৭ রানে অলআউট হয়। অ্যালানা কিং ১৮ রান দিয়ে নেন ৭ উইকেট। ছোট লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জেতে ১৯৯ বল হাতে রেখে।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। ফলে ৩০ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা ভারতের। তার আগে ২৯ অক্টোবর আরেক সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
অ্যালানা কিংয়ের ১৮ রানে ৭ উইকেট নারী ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড। নারী ওয়ানডে ইতিহাসে কারও ৭ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি। নারী বিশ্বকাপে প্রথমবার ৭ উইকেট নেয়ার ঘটনাও এই প্রথম।
ম্যাচে কিং তার করা প্রথম ১৫ বলের মধ্যে ৪ উইকেট নেন কোন রান না দিয়েই। তার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট করেন ইনিংস সর্বোচ্চ ৩১ রান।
ছেলে ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচের হিসেবে দ্বিতীয়বার ৭ উইকেট নেওয়ার ঘটনা এটি। আর আগে ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ারই গ্লেন ম্যাকগ্রা।
লক্ষ্য তাড়া করতে নেমে বেথ মনি ৪১ বলে খেলেন ৪২ রানের ইনিংস। এছাড়া ওপেনার জর্জিয়া ভোল ৩৮ রানে অপরাজিত থাকেন।