আগামীকাল এল ক্লাসিকোর মঞ্চে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর আগে তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে চলছে সমালোচনার ঝড়। তবে এসব সমালোচনাই তাকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ।
শনিবার সংবাদ সম্মেলনে সর্গ বলেন, “লামিনে একজন দারুণ খেলোয়াড়। আমার মনে হয় এই সমালোচনাগুলোই তাকে আরও উদ্দীপ্ত করবে। আশা করি কাল তার সেরা পারফরম্যান্সটা আমরা দেখতে পাব।”
১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার সম্প্রতি এক সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে রিয়াল মাদ্রিদকে নিয়ে রসিকতা করেন—তিনি বলেন, “রিয়াল সব সময় চুরি করে আর অভিযোগ করে।” এই মন্তব্যের পর মাদ্রিদের সংবাদমাধ্যমে তাকে ঘিরে বিতর্ক শুরু হয়।
লা লিগায় রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে বার্সেলোনা টানা পঞ্চম জয় খুঁজবে রিয়ালের বিপক্ষে।
সর্গ জানান, ইয়ামাল এবার আলভারো কারেরাসের মুখোমুখি হবেন, যার বিপক্ষে গত মৌসুমে বেনফিকার হয়ে খেলতে গিয়ে কিছুটা সমস্যায় পড়েছিলেন তিনি। “লামিনে সব সময় মোটিভেটেড থাকে। যদি ঠিক মনে করি, আমরা বেনফিকার বিপক্ষে তিন ম্যাচই জিতেছিলাম,” বলেন সর্গ।
মূল কোচ হানসি ফ্লিক লাল কার্ডের কারণে এই ম্যাচে নিষিদ্ধ থাকায় ডাগআউটে দায়িত্ব পালন করবেন সর্গ। তিনি বলেন, “হানসি না থাকাটা আমাদের জন্য অবশ্যই একটা ক্ষতি। তবে যেমন খেলোয়াড়দের অনুপস্থিতিতে দল লড়াই করে, এখানেও তেমনি সবাই জানে কোচ কী চায়, এবং আমরা সেটা মাঠে দেখাব।”
দলে চোট সমস্যা এখনো বড় চিন্তার বিষয়। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফেরার পথে থাকা রাফিনিয়া নতুন করে সমস্যায় পড়েছেন। এছাড়া রবার্ট লেভানডফস্কি, দানি ওলমো ও গাভি ইতোমধ্যেই চোটের কারণে বাইরে।
তবে সর্গ জানান, জুল কুন্দে শনিবার অনুশীলন করেছেন এবং ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা আছে। ফেরান তোরেসকেও পাওয়া যেতে পারে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে।
জাতীয় লিগের প্রথম দিন ৪ সেঞ্চুরি, আরিফুলের প্রথমে ময়মনসিংহের 'প্রথম'