মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ১, উত্তেজনা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার নাম মিখন মাহমুদ (৩৮)। শনিবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের কংসপুরা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কংসপুরা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা মিখন মাহমুদ দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার বসিয়ে মাটি কেটে আসছিলেন। শনিবার দুপুরে কংসপুরা গ্রামের উত্তরপাড়ার কয়েকজন ব্যক্তি ওই স্থানে চায়না প্লাস্টিকের তৈরি চাই (মাছ ধরার ফাঁদ) বসিয়ে মাছ ধরতে গেলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তরপাড়ার কয়েকজন ব্যক্তি মিখন মাহমুদকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর উভয়পক্ষের লোকজন টেটা ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।