দেশীয় সংগীতাঙ্গনের নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলমের গান থেকে অনেক দিন দূরে ছিলেন ভক্ত ও গানপ্রেমিকরা। তবে দূরত্ব ঘোচাতে শ্রোতাদের কাছাকাছি এসেছেন এই মেধাবী গায়ক। বিরতি কাটিয়ে নতুন কয়েকটি গান প্রকাশ করলেন তিনি। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে রফিকুল আলমের কণ্ঠের ‘পাহাড়ের কান্না’ ও ‘সকাল-সন্ধ্যায় চায়ের চুমুকে’ শিরোনামের দুটি গান। কিছুদিনের ব্যবধানেই রফিকুল আলমের কণ্ঠে এই দুটো গান প্রকাশিত হয়েছে। ‘পাহাড়ের কান্না’ গানটি লিখেছেন ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। ‘সকাল-সন্ধ্যায় চায়ের চুমুকে’ গানটি লিখেছেন ফারুক আনোয়ার, সুর-সংগীত করেছেন সম্রাট আহমেদ।
রফিকুল আলম জানান, এই দুটি গানের আগে আরও দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। এ সময় এসেও যে তার কণ্ঠে নতুন নতুন মৌলিক গান প্রকাশ পাচ্ছে, সে কারণে বেশ খুশি রফিকুল আলম। তিনি বলেন, ‘পাহাড়ের কান্না ও সকাল-সন্ধ্যায় চায়ের চুমুকে দুটি গানেরই কথা আমার কাছে সত্যি সত্যিই খুব ভালো লেগেছে। মৌলিক গান খুব বেশি যে করা হয় এমনটি নয়। কিন্তু তারপরও এখনো যে মৌলিক করছি, সেটিই আসলে অনেক ভালো লাগার। কারণ মৌলিক গান একজন শিল্পীর পরিচয়। মৌলিক গান দিয়েই একজন শিল্পী নিজের পরিচিতি গড়ে তোলেন। যে কারণে মৌলিক গান প্রকাশ পেলে শিল্পীর নিজেরও খুব ভালো লাগে। পাহাড়ের কান্না ও সকাল-সন্ধ্যায় চায়ের চুমুকে দুটি গান নিয়েই আমি প্রত্যাশী। শ্রোতা-দর্শকের কাছে অনুরোধ রইল গান দুটি শোনার জন্য।’
১৯৪৮ সালের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার স্কুলজীবন শুরু হয় রাজশাহীর ভোলানাথ বিশে^র হিন্দু একাডেমিতে। এরপর রাজশাহী গভর্ম্যান্ট কলেজ পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ^বিদ্যালয়ে। ১৯৭০ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ও ১৯৭২ সালে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পরে ইংল্যান্ডের দেলফট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
গানে রফিকুল আলমের হাতেখড়ি অনুপ ভট্টাচার্য্যরে কাছে। পরে তিনি তার ভাই ডা. সারোয়ার জাহান, প-িত হরিপদ দাস, আবদুল জব্বার খান, ওস্তাদ শগির উদ্দিন খানের কাছেও তালিম নেন। রবীন্দ্রসংগীতে তিনি তালিম নিয়েছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় ও অজিত রায়ের কাছে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে, গানে নিজেকে পুরোপুরি শিক্ষিত করে ঠিকঠাকভাবে গড়ে তুলেই গানের ভুবনে রফিকুল আলমের পথচলা শুরু হয়। নায়ক রাজ রাজ্জাক অভিনীত ‘অতিথি’ সিনেমায় তিনি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘একটু যদি আজ’ গানটি গেয়ে সে সময় বেশ সুনাম কুড়িয়েছিলেন। এরপর বহু সিনেমায় তিনি গান গেয়েছেন।
রফিকুল আলম জানান, তিনি ২৮টি ভাষায় গান গেয়েছেন। ২০০-এরও বেশি সিনেমায় তিনি প্লে-ব্যাক করেছেন। তার নিজের কাছেই সংরক্ষিত আছে দেশাত্মবোধক, আধুনিকসহ বিভিন্ন গান দুই হাজারেরও বেশি।