চাঁদপুরের ফরিদগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ খলিল বেপারি নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় দুই মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানা গেছে।
এদিকে, মুন্সীগঞ্জ সদরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ তথা আইস, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. হৃদয় মাদবর (২৩)। গত শুক্রবার রাতে সদর উপজেলার পানহাটা গ্রামে অভিযান চালিয়ে সমুদয় মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩ পিস ক্রিস্টাল আইস, ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৪ হাজার টাকা, ৪টি মোবাইল ফোনসেট, ১টি ধারালো ছুরি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সদর থানার পরিদর্শক তদন্ত সজীব দে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য, টাকা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার ও কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।