আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুরে গত ১৫ অক্টোবর হামলায় বাতেন নিহতের ঘটনায় হত্যা মামলাটি তুলে নিতে মামলার বাদীসহ তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাদী শাহজাহান গতকাল শনিবার আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, রসুলপুর গ্রামে তার বাবা মো. আব্দুল বাতেন, ছোট ভাই আজিজুল এবং ভাগিনা মুছাকে গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় মো. রেজাউল করিমসহ আরও কয়েকজন ওয়াজ মাহফিল ও মাদক নিয়ে পূর্বশত্রুতার জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় আমি বাদী হয়ে রেজাউলসহ ২৩ জনের নামের একটি হত্যা মামলা দায়ের করি।

মো. শাহজাহান অভিযোগ করেছেন, মামলার পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে আমরা পুরা পরিবার আতঙ্কিত হয়ে পড়েছি। আমরা অনেকে বর্তমানে বাড়িছাড়া। আমরা বাবার হত্যার বিচার চাই।