ভারতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শ্লীলতাহানি; যা বলছে বিসিসিআই

ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের মাঝেই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একইসঙ্গে নারীদের শ্লীলতাহানি করাকে ভারতের জন্য অপমানজনক বলে অভিহিত করে সংস্থাটি বলেছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও সতর্কতা নেওয়া হবে।

পুলিশের উপপরিদর্শক নিধি রঘুবংশী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, গত বৃহস্পতিবার সকালে ইন্দোরের খাজরানা রোড দিয়ে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হোটেলের বাইরে নিকটবর্তী একটি ক্যাফেতে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নিতে শুরু করে। একপর্যায়ে সেই ব্যক্তি ওই ক্রিকেটারদের শরীরে অযাচিতভাবে স্পর্শ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়! ওই সময় এক পথচারী ওই ব্যক্তির বাইকের নাম্বার টুকে রাখে।

খেলোয়াড়েরা সঙ্গে সঙ্গে তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। ড্যানি সিমন্স সাথে সাথে গাড়ি পাঠিয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন। এরপর পুলিশের কাছে অভিযোগ করা হলে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য রেকর্ড করেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেন। ইতোমধ্যে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বাইকের নাম্বারের সূত্র ধরে আকিল খান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে বিসিসিআই। সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।’ বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা, যা দেশের জন্য অপমানজনক। অপরাধীকে ধরতে রাজ্য পুলিশের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। আইন তার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীকে শাস্তি দেবে।’