বিশ্বকাপের সেরা একাদশে তিন ভারতীয় এক পাকিস্তানি; নেই বাংলাদেশের কেউ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম

সদ্য শেষ হওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ভারত। এবার আইসিসি টুর্নামেন্টের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তিন তারকা — স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজ ও দীপ্তি শর্মা জায়গা পেয়েছেন। আছেন লিগ পর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তান দলেরও একজন। তবে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দীপ্তি শর্মা ব্যাট হাতে ২১৫ রান ও বল হাতে নেন ২২ উইকেট। ফাইনালে ফিফটির পাশাপাশি ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দেন। স্মৃতি মান্ধানা ৫৪.২৫ গড়ে করেছেন ৪৩৪ রান, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১০৯ রানের ইনিংস। আর ভারতের ফাইনালে ওঠার নায়িকা জেমিমা রদ্রিগেজ টুর্নামেন্টে ৫৮.৪০ গড়ে করেন ২৯২ রান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১২৭ রানের ইনিংস।

বিশ্বকাপে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা থেকেও জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার। দলের অধিনায়ক লরা উলভার্ট নির্বাচিত হয়েছেন এই একাদশের ক্যাপ্টেন হিসেবে। তিনি পুরো টুর্নামেন্টে রেকর্ড ৫৭১ রান করেন। নারী বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া অস্ট্রেলিয়া থেকেও একাদশে সুযোগ পেয়েছেন তিনজন—অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশ গার্ডনার ও আলানা কিং।

পাকিস্তানের একমাত্র প্রতিনিধি উইকেটকিপার সিদরা নবাজ টুর্নামেন্টে সর্বাধিক ৮টি ডিসমিসাল করেছেন। ইংল্যান্ডের হয়ে জায়গা পেয়েছেন বিশ্বের এক নম্বর নারী ওয়ানডে বোলার সোফি একলস্টোন, আর বারোতম খেলোয়াড় হিসেবে আছেন ন্যাট স্কিভার-ব্রান্ট।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ: স্মৃতি মান্ধানা (ভারত), লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), জেমিমা রদ্রিগেজ (ভারত), মারিজানে ক্যাপ (দ.আফ্রিকা), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দ.আফ্রিকা), সিদরা নবাজ (পাকিস্তান, উইকেটকিপার), আলানা কিং (অস্ট্রেলিয়া), সোফি একলস্টোন (ইংল্যান্ড), ন্যাট স্কিভার-ব্রান্ট (দ্বাদশ খেলোয়াড়, ইংল্যান্ড)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত