ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর পর কিছু সময়ের জন্য মেট্রোরেল বন্ধ থাকলেও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তারা জানায়, রবিবার (২৬ অক্টোবর) মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় আপাতত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না। এতে যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তবে আপাতত আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
এদিকে, দুর্ঘটনায় নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া ওই পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়ারও ঘোষণা দেন তিনি। ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হবে বলে জানান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।