ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
তবে এমন সিদ্ধান্তের পেছনে কোনো কারণ জানা যায়নি।
অফিস আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরণের ছুটি বাতিল করা হলো।’
এতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
