নভেম্বরের শেষ সপ্তাহে সপরিবারে ওমরায় যাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের শেষ সপ্তাহে সপরিবারে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে আসবেন, সেই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন বলেও জানিয়েছেন ফজলে এলাহি।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে বাসভবন, অফিস ও বুলেটপ্রুফ গাড়ি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনীই যথেষ্ট নয়, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস। কিংবা অদূরের বাসভবন। সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষামাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা।

এই সবই প্রস্তুত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড়যুগ পর দেশে ফেরাকে ঘিরে। সেসাথে তার ফেরায় আইনি কোনো বাধা নেই। দেশে ফিরে তাকে আদালত প্রাঙ্গণে যেতে হবে না বলেও জানান দলের আইন বিষয়ক সম্পাদক।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আদালতের তার কোনো ধরনের কোনো ম্যাটার নেই। যেহেতু প্রত্যেক মামলায় খালাস পেয়েছেন। আর অনেকগুলো মামলা রয়েছে যেগুলো জরুরি অবস্থার সময় দায়ের করা হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে। শেখ হাসিনার সময়ের মামলা খালাস ও নিষ্পত্তি হয়েছে।’