লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে এবং মানুষের ভোটের অধিকার, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতেই ২০০৬ সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ দলটি প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, বিগত ১৫ বছর ভোটাবিহীন সরকার ছিল। সেইস্বৈরচার সরকারের দমন ও নিপীড়নেও এলডিপি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরচারের পতন ঘটে। এতে আমার নেতা কর্নেল অলি আহমেদ ও দলের নেতাকর্মীরাও মাঠে ছিলেন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করব।
আজ রবিবার (২৬ অক্টোবর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা করা হয়। পৌর শহরের গরুহাটা থেকে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে ঈশ্বরগঞ্জ পৌরসভার গেট প্রদক্ষিণ করে শহরের শিমুলতলী মোড়ে এসে শেষ হয়।
এ সময় দলীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেন। তারা দল এবং এলডিপি’র প্রতিষ্ঠাতা ড. কর্নেল (অব.) অলি আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য বেলালের নামে নানা শ্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম আনাস, সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম লিটন, ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপির সভাপতি মো. মনজুরুল হক,গণতান্ত্রিক যুবদল এলডিপি ঈশ্বরগঞ্জ উপজলা শাখার সভাপতি সোহাগ তালুকদার, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি মুজিবুর রহমান, গণতান্ত্রিক মহিলাদল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পপি আক্তারসহ উপজেলা এলডিপির সর্বস্থরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ শোভাযাত্রায় এতে অংশ নেন।