সান্তিয়াগো বার্নাব্যুতে গতরাতের এল ক্লাসিকোর উত্তেজনা ম্যাচ শেষেও থামেনি। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রি লুনিনকে লাল কার্ড দেখানো হয়েছে এবং আরও পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে ম্যাচশেষে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায়।
কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ ২–১ ব্যবধানে এল ক্লাসিকো জিতে নিয়ে য় লা লিগার শীর্ষস্থান রেখেছে। বার্সেলোনার একমাত্র গোলটি করেছিলেন পেদ্রি। তবে শেষ বাঁশির পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড় ও বেঞ্চে থাকা সদস্যদের মধ্যে।
স্টপেজ টাইমে বার্সার মিডফিল্ডার পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচশেষে শুরু হয় দুই দলের ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা।
রেফারি সিজার সোতো গ্রাদোর রিপোর্ট অনুযায়ী, 'রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন বেঞ্চ ছেড়ে আগ্রাসীভাবে মাঠে ঢুকে বার্সা খেলোয়াড়দের দিকে এগিয়ে যান', যার কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। সহখেলোয়াড়রা তাকে থামানোর চেষ্টা করেছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তাছাড়া রিয়ালের এদার মিলিতাও, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র, এবং বার্সেলোনার আলেহান্দ্রো বালদে ও ফেরান তোরেসকে হলুদ কার্ড দেখানো হয়।
ঘটনার সূত্রপাত হয় মাঠে ইয়ামালকে উদ্দেশ্য করে রিয়াল ডিফেন্ডার দানি কারভাহালের ইঙ্গিতপূর্ণ আচরণ থেকে। ম্যাচের আগেই ইয়ামাল মজা করে বলেছিলেন যে “রিয়াল মাদ্রিদ সব সময় অভিযোগ করে,” যা মাদ্রিদ খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।
বার্সেলোনার মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ং এই আচরণের সমালোচনা করে বলেন, “কারভাহাল চাইলে ইয়ামালের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারত, মাঠে এমন নাটক করার প্রয়োজন ছিল না।”
তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। বদলি হিসেবে উঠে যাওয়ার পর টানেলে থাকা ভিনিসিয়ুস জুনিয়রও মাঠে ফিরে এসে ইয়ামালের দিকে এগোতে চাইলে মাদ্রিদ কোচিং স্টাফ তাকে আটকায়।