পেনাল্টি মিস করেও বার্সার বিপক্ষে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

গেল মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে চারবার বার্সেলোনার বিপক্ষে খেলে সবগুলোই হেরেছিল রিয়াল মাদ্রিদ। এবার কাতালান ক্লাবটির বিপক্ষে মৌসুমের প্রথম দেখাতেই জয় পেলো লস ব্লাঙ্কোসরা। রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলেও গোল ঠিকই করেছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে।

ম্যাচের ১২ মিনিটে এমবাপ্পে প্রথম বল জালে পাঠিয়েছিলেন। তবে ভিএআর দেখে গোলের বাঁশি বাজাননি রেফারি। সেই এমবাপ্পেই দশ মিনিট পর এগিয়ে দেন স্বাগতিকদের। জুড বেলিংহ্যামের থ্রু বল ধরে গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমে লিগে এটি এমবাপ্পের ১১তম গোল। তিনিই আছেন গোলদাতাদের তালিকায় শীর্ষে। ৩৮ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেরমিন লোপেজ।

তবে ৪৩ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে ফের এগিয়ে যায় রিয়াল। ৫০ মিনিটে নিজেদের বক্সে এরিক গার্সিয়া হ্যান্ডবল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকটি নেন এমবাপ্পে। তার নেওয়া শট রুখে দেন বার্সেলোনার গোলকিপার সেজনি।

যোগকরা সময়ের শেষ দিকে চুয়ামেনিকে ফাউল করে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন পেদ্রি। দুই হলুদ কার্ডে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রি। এ সময় খানিকটা উত্তেজনা দেখা দেয় দুই দলের ডাগআউটে। তবে এরপর খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।

এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল এগিয়ে গেল ৫ পয়েন্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত