যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছাদেক খান (৫৮) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, রাতে থানায় খবর আসে, যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্যা ওয়ান রেস্টুরেন্টের দক্ষিণ পাশে চট্টগ্রাম গামী লেনে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রাতে কোন যানবাহনে চাপায় তিনি ঘটনাস্থলে মারা গেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। রাতেই সিআইডির ফরেনসিক টিমের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়া পাড়া। বাবার নাম রওশান আলী খান। বর্তমান ঠিকানা উত্তর যাত্রাবাড়ী। তবে তার পরিবারের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।