খুলনা-বরিশালের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। জানা গেছে, ম্যাচ চলাকালে দলের সাথে কাজ করছিলেন হাসান আহমেদ। বেলা ১১টার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ চিকিৎসকরা এসে দেখতে পান তার রক্তচাত কম, শরীর শীতল হয়ে আছে। শুশ্রুষার পর তাঁকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে মারা যান ৪৭ বছর বয়সী হাসান।
প্রায় এক যুগের বেশি সময় জাতীয় লিগে বরিশালের ফিজিওর দায়িত্ব পালন করেছেন হাসান আহমেদ। এর বাইরেও ট্রমায় আক্রান্তদের জন্য গঠিত বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারে প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
হাসান আহমেদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। শোক প্রকাশ করে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। একইসাথে পালন করা হবে একদিনের নীরবতা। এনসিএলের প্রথম রাউন্ডের চতুর্থ দিনে যেসব দল মাঠে নামবে, তারাও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে। যদিও খুলনা-বরিশাল ম্যাচ তিন দিনেই শেষ হয়েছে।