বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের সেউজগাড়ী সংলগ্ন এলাকায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর)  রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেউজগাড়ী এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।