রিয়াল মাদ্রিদের ক্লাসিকো জয়ের পর হাতাহাতি লাল কার্ড

লা লিগায় রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। এল ক্লাসিকো ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে এবং খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা হয়। সেই ঘটনায় শাস্তিও দেওয়া হয়েছে দুই দলের খেলোয়াড়দের। খেলা শেষে ওই ঘটনায় ছয়জন দেখেন হলুদ কার্ড আর একজন লাল কার্ড।

ম্যাচের শেষ দিকে আসলে কী ঘটেছিল? শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে লাল কার্ড দেখেন। রিয়ালের চুয়ামেনিকে ট্যাকল করার জন্য ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ডে) মাঠ ছাড়েন এই মিডফিল্ডার। এ ঘটনাকে কেন্দ্র দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর আবার খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ড পরই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। তবে এরপর উত্তেজনার কেন্দ্রে চলে আসেন ভিনিসিয়ুস ও লামিন ইয়ামাল। ভিনিসিয়ুসকে দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে ডাগআউট থেকে তর্কে জড়াতে। ইয়ামাল যখন হেঁটে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন তখন তাকে হাত দিয়ে ইশারা করে কিছু বলেন কারভাহাল। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, সে সময় কারভাহাল স্পেন সতীর্থ ইয়ামালকে বলেছিলেন, ‘তুমি অনেক কথা বলো। এখন বলো দেখি!’ তখন ইয়ামাল কারভাহালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে থামিয়ে দেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে অন্য খেলোয়াড়রা সেখানে চলে এলে শুরু হয় হাতাহাতি। ভিনিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে ইয়ামালকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায়। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর ভিনি নাকি ইয়ামালকে বলছিলেন, ‘কী ব্যাপার! ব্যাক পাস দেওয়া ছাড়া আর কিছুই তো করলে না! ডিফেন্ডারদের কাছে বল দিলে।’ এল ক্লাসিকোর আগে ইউটিউবে এক সাক্ষাৎকারে রিয়াল চুরি করে এমন ইঙ্গিতে কথা বলেছিলেন ইয়ামাল।

রেফারির ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিক প্রতিবেদনের কথা উল্লেখ করে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, হলুদ কার্ড দেখা খেলোয়াড়রা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, ফেরান তোরেস, আলেহান্দ্রো বালদে, ফেরমিন লোপেজ, রদ্রিগো এবং এদার মিলিতাও। আর রিয়াল মাদ্রিদের গোলকিপার আন্দ্রে লুনিনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

ম্যাচ শেষে বার্সেলোনার ডি ইয়ং বলেন, ‘কারভাহাল যদি লামিনের সঙ্গে কথা বলতে চাইত, তাহলে সে ব্যক্তিগতভাবে সেটা করত। যদি তার মনে হয়, লামিনের ওই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি, সে লামিনকে কল দিতে পারত। তারা সতীর্থ (স্পেন দলে), তারা পরস্পরকে চেনে। কেন মাঠে এমন কাণ্ড করতে হবে?’

এল ক্লাসিকো হারের পর বার্সেলোনার ‘পরিপক্বতার অভাব’ নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। বিইন স্পোর্টসের বিশ্লেষণে ওয়েঙ্গার বলেন, ‘জাবি আলোনসো তার দলকে চমৎকারভাবে সমন্বয় করেছেন। কিছু জায়গায় এটা ছিল পুরুষ বনাম বালকের লড়াই। রিয়ালের রক্ষণ ছিল দুর্দান্ত, কিন্তু বার্সেলোনার রক্ষণটা দুর্বল। অবশ্য বার্সার সামনের মূল ভরসা রবার্ট লেভানডফস্কি বা রাফিনহা কেউই ছিল না। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা বল দখলে রেখেছিল ঠিকই, কিন্তু তাদের কখনোই গোল করার মতো দল মনে হয়নি। আলোনসোকে কৃতিত্ব দিতে হবে।’

এল ক্লাসিকোতে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। এক গোল শোধ দেন বার্সেলোনার ফেরমিন লোপেজ। লা লিগায় ১০ রাউন্ড শেষে ২৭ পয়েন্টে শীর্ষে রিয়াল, ২২ পয়েন্টে দুইয়ে বার্সেলোনা।