২০২৭ বিশ্বকাপের আগে ‘অবসর নিচ্ছেন না’ রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিস্ফোরক সেঞ্চুরি করে নিজেকে জানান দিয়েছেন রোহিত শর্মা। তার ক্যারিয়ার নিয়ে যে শঙ্কা ছিল, সেটা এক মুহূর্তে উধাও হয়ে গেছে। রোহিতের শৈশবের কোচ দিনেশ লাল জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নেবেন ভারতের এই তারকা ব্যাটার।

১২১ রানের অপরাজিত ইনিংস দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতেছেন রোহিত। তাকে নিয়ে এক সাক্ষাৎকারে দিনেশ লাল বলেন, ‘আজ রোহিত যেভাবে ব্যাট করেছে এবং ভারতের জয়ে অবদান রেখেছে—দারুণ লেগেছে। সে ২০২৭ সালের বিশ্বকাপ খেলবে এবং এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে।’

এটি ছিল রোহিতের ৫০তম আন্তর্জাতিক সেঞ্চুরি। রোহিতের সঙ্গী হয়ে ৭৪ রানে অপরাজিত ইনিংস খেলেন আরেক কিংবদন্তি বিরাট কোহলি। তাকে নিয়ে দিনেশ লাল বলেন, ‘কোহলিকে ঘিরে প্রতিদিন ভুল ধারণা তৈরি হয়। সে এমন একজন ক্রিকেটার, যেকোনো পরিস্থিতিতে ভালো খেলতে পারে। অনেক আগেই শচীন টেন্ডুলকার বলেছিলেন, রোহিত আর কোহলি তার রেকর্ড ভাঙবে। তারা দুজনই সেই পথেই এগিয়ে যাচ্ছে।’

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই জুটিকে আবারও আন্তর্তজাতিক ক্রিকেটে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৬ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে রায়পুর এবং বিশাখাপত্তনম।