বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয় সত্ত্বেও বিতর্কে জড়ালেন দলের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ চলাকালে কোচ জাবি আলোনসো তাকে বদলি করে রদ্রিগোকে মাঠে নামালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এই তরুণ ফরোয়ার্ড। ঘটনাটি নিয়ে স্প্যানিশ মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আলোনসোর সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ভিনিসিয়ুস মাঠ ছাড়তে দেরি করেন। প্রথা অনুযায়ী কোচের সঙ্গে শুভেচ্ছা বিনিময় না করেই তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এ সময় তাকে পর্তুগিজ ভাষায় ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। ইএসপিএনের ‘রেসেনা দা রোদাদা’ অনুষ্ঠানে রিয়াল এবং উরুগুয়ের কিংবদন্তি ডিফেন্ডার দিয়েগো লুগানো বলেছেন, ‘এই লেভেলের খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এর ফলে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবলে তার মর্যাদা অনেকটাই কমে যাবে। প্রায় প্রতি সপ্তাহেই সে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে।’
ইএসপিএনের মাদ্রিদ প্রতিনিধি গুস্তাভো হফম্যান জানিয়েছেন, ভিনিসিয়ুস জুনিয়র ও কোচ জাবি আলোনসোর মধ্যে বৈঠক হবে। ভিনিসিয়ুসের সমালোচনা করে ব্রাজিলের সাবেক তারকা লুইস ফাবিয়ানো বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল আচরণ। বদলি হিসেবে মাঠ ছাড়ার বিষয়টি কারও কাছে অপছন্দের হতেই পারে, কিন্তু সতীর্থের প্রতি সম্মান দেখিয়ে শান্তভাবে মাঠ ছেড়ে যেতে হয়।’