রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন অবসরপ্রাপ্ত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। শনিবার ক্লাবের সাধারণ সভায় তার এই নিয়োগ অনুমোদন লাভ করে। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী নাদাল ২০১১ সাল থেকে ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবে আছেন এবং রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার পর নাদাল বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যখন আমাকে সম্মানসূচক সদস্য করেছিলেন, সেটি ছিল অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত; আর আজকের দিনটি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার।’
তিনি আরও যোগ করেন, ‘আমার জন্য এটি এক বিশাল দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে—বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের কাছে ছড়িয়ে পড়ে। এটি মানুষকে একসূত্রে গাঁথে। এখন এমন একটি সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।’
নাদালের আগমনে ক্লাবের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পেরেজ। তিনি বলেন, ‘তার এই যুক্ত হওয়া কেবল একজন অসাধারণ ব্যক্তিত্বকে দলে নেওয়ার মতো বিষয় নয়; এর অর্থ হলো অন্যতম সেরা এক কিংবদন্তি আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান। আমি নিশ্চিত, আগামী প্রজন্মের জন্য আমরা যে রিয়াল মাদ্রিদ গড়ে তুলতে চাই, সেটি বাস্তবায়নে তার উপস্থিতি বড় ভূমিকা রাখবে।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী নাদাল। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছা তার রয়েছে, তবে সেই পদের জন্য তিনি যোগ্য কি না তা নিয়ে সন্দিহান। চলতি বছর ক্লাব নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার গুঞ্জন থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই স্প্যানিশ তারকা। গত জুনে এনরিকে রিকুয়েলমেকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ।