আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার বাংলাদেশকে গর্বিত করা হাফেজ সাইফুর রহমান ত্বকী আর বেঁচে নেই।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সংকটজনক অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
হাফেজ ত্বকী আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। এছাড়াও কুয়েত ও বাহরাইনে আয়োজিত প্রতিযোগিতাতেও সাফল্য পান এই মেধাবী তরুণ।
তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী ত্বকীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগরের ডালপায় দাফন করা হয়।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগরে জন্ম নেওয়া ত্বকীর বাবা মাওলানা বদিউল আলম স্থানীয় এক মাদরাসায় শিক্ষকতা করেন। একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বন্যা বইছে তার স্মৃতিচারণায়।