সূর্যকুমারকে মিচেল মার্শের হুঁশিয়ারি

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, তারা আগ্রাসী ক্রিকেটই খেলবেন। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই নীতিতে অটল থাকবে অস্ট্রেলিয়া।

মার্শ বলেন, ‘গত দুই বিশ্বকাপে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। এবার আমরা নিজেদের খেলার ধরন আরও আক্রমণাত্মক করতে চাই। ব্যর্থতা আসবে, কিন্তু এটিই আমাদের সাফল্যের সেরা পথ। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা এখন অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। গত কয়েক বছরে টি–টোয়েন্টি ফরম্যাটে বেশিরভাগ দলই এমনভাবেই খেলছে বলে আমি মনে করি। বিশ্বকাপেও আমাদের খেলার ধরণ এমনই থাকবে।’

২০২১ সালে বিশ্বকাপ জেতার পর ২০২২ ও ২০২৪ আসরে যথাক্রমে সুপার টুয়েলভ ও সুপার এইট থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। মার্শ আরও বলেন, ‘এটা ঠিক যে, এই ঘরনার ব্যাটিংয়ে আমরা প্রতিবার সফল হতে পারব না — ব্যর্থতাও আসবে। কিন্তু আমরা জানি, কীভাবে খেলতে চাই এবং কোন পথে এগোতে হবে। সেটিই আমাদের সাফল্যের সর্বোচ্চ সম্ভাবনা তৈরি করবে। আশা করি, আমরা প্রস্তুতির এই ধারা বজায় রাখতে পারব।’

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষকে নিয়ে মার্শ বলেন, ‘ভারত অসাধারণ একটি দল, তাদের বিপক্ষে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। এই সিরিজটি আমাদের জন্য দারুণ সুযোগ। তাদের ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছে। শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তাকে আটকানো সহজ হবে না, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

অস্ট্রেলিয়ার এই দলটিতে কয়েকটি পরিবর্তন এসেছে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সিরিজ মিস করবেন তারকা লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। জশ হেইজেলউড প্রথম দুটি ম্যাচ খেলে অ্যাশেজের জন্য বিশ্রামে যাবেন। আর শন অ্যাবট তৃতীয় ম্যাচের পর বিশ্রাম নেবেন। মার্শ জানান, ‘বর্তমান ব্যস্ত সূচির কারণে দলে খেলোয়াড় পরিবর্তন স্বাভাবিক। সবাই নিজেদের ভূমিকা জানে এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।’