অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়ার প্লেতে বুমরাই ভারতের ভরসা: সূর্যকুমার যাদব

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বুধবার শুরু হচ্ছে ক্যানবেরায়। তার আগে আজ সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন—এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাওয়ার প্লে ওভারগুলো, আর সেই সময়ে দলের সবচেয়ে বড় সম্পদ হবেন জসপ্রিত বুমরা।

সূর্যকুমারের ভাষায়, “অস্ট্রেলিয়া সব সময় আক্রমণাত্মক ব্যাটিং করে। তাই পাওয়ার প্লে অনেক গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে আমরা দেখেছি বুমরাহ নিয়মিতভাবে প্রথম ছয় ওভারে দুই ওভার করে বল করেছে। সে নিজেই দায়িত্ব নিয়েছে—এই ওভারগুলো আমি করব। তার উপস্থিতি আমাদের জন্য বিশাল শক্তি।”

৩১ বছর বয়সী বুমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে সবচেয়ে অভিজ্ঞ ভারতীয় বোলার। সূর্যকুমার বলেন, এই দেশে সে সবচেয়ে বেশি খেলেছে। সবাই তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, সে খুবই খোলামেলা ও সহায়ক। তাকে দলে পাওয়া আমাদের জন্য আশীর্বাদ।”

তৃতীয় ওয়ানডেতে চোটে ছিটকে যাওয়া অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডিও ফিট হচ্ছেন বলে জানান সূর্যকুমার। অধিনায়কের মতে, এই সিরিজ কেবল জয়ের লড়াই নয়, বরং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। “আমাদের প্রস্তুতি শুরু হয়েছিল এশিয়া কাপ দিয়ে, এখনো চলছে। আমরা কন্ডিশনভেদে আলাদা চিন্তা করছি না—সব জায়গায় একই মানসিকতা নিয়ে খেলতে চাই।”

হার্দিক পান্ডিয়া অনুপস্থিত থাকলেও ভারত তিন স্পিনার নিয়ে নামবে—কুলদীপ যাদব, বরুণ চক্রবর্ত্তী ও অক্ষর প্যাটেল। সূর্যকুমারের মতে, “দক্ষিণ আফ্রিকায় যেমন এক পেসার, এক অলরাউন্ডার ও তিন স্পিনার নিয়ে খেলেছিলাম, এখানেও তাই করব। এটা বিশ্বকাপ প্রস্তুতিরই অংশ।”

কোচ গৌতম গম্ভিরের সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব

সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্বল ফিল্ডিং নিয়ে সমালোচনা হলেও সূর্যকুমার জানালেন, দল এখন এ বিভাগে কঠোর পরিশ্রম করছে। “আজ ঐচ্ছিক অনুশীলন হলেও সবাই মাঠে এসেছে ফিল্ডিং প্র্যাকটিস করতে। আমরা চাই বিশ্বের সেরা ফিল্ডিং ইউনিট হতে। ভুল হতে পারে, কিন্তু প্রচেষ্টার ঘাটতি যেন না থাকে।”

সূর্যকুমার আরও জানান, নিজের ফর্ম নিয়েও তিনি চিন্তিত নন, “আমি কঠোর অনুশীলন করছি, ভালো লাগছে ব্যাটিং। রান আসবেই—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের লক্ষ্যের দিকে কাজ করা।”

ভারত তাদের প্রথম টি-টোয়েন্টি খেলবে বুধবার, ক্যানবেরার মানুকা ওভালে। সিরিজের পাঁচটি ম্যাচই হবে বিশ্বকাপ প্রস্তুতির অঙ্গ হিসেবে, যেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বে নতুন এই দল নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে।