বাংলাদেশের জয় দিয়ে পুন্ড্রনগরে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম

দীর্ঘ ১৬ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হলো পুন্ড্রনগর বগুড়ায়। শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ২০০৮ সালের পর প্রথম আন্তর্জাতিকে ম্যাচে বাংলাদেশের যুবারা হারিয়েছে আফগানিস্তানকে। 

সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে বাংলাদেশ। শেষ বিকেলে আলোক স্বল্পতায় পুরো ৫০ ওভার খেলা সম্ভব হয়নি। তাতে ডিএল মেথডে ৫ রানে জিতেছে বাংলাদেশের যুবারা। 

বড় লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে কালাম সিদ্দিকি ও রিজান হোসেনের দুর্দান্ত জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। 

কালাম সিদ্দিকির একটি শট

এই জুটি যোগ করেন ১৩৯ রান। কালাম সিদ্দিকি আলিন তুলে নেন সেঞ্চুরি—১১৯ বলে ১০১ রান করে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় রানরেটের সমীকরণ মেলানোর চেষ্টা করেন রিজান। সেই পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে শেষদিকে দেখা দেয় আলোকস্বল্পতা। 

এর আগে আফগানিস্তানের উজাইরউল্লাহ নিয়াজাই একাই ঝড় তোলেন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ১৩৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস, যাতে ছিল ১৬টি চার ও একটি ছক্কা।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। ৫৭ রানে ৫ উইকেট নিয়ে তিনিই হয়েছেন ম্যাচ সেরা। 
বগুড়ায় ৩১ অক্টোবর আরেকটি ম্যাচ খেলবে যুব দুই দল। এরপর রাজশাহীতে যাবে তিনটি ওয়ানডে খেলতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত