মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ৭ শত ৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক কেজি সরিষা ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান প্রধান অতিথি হিসেবে কৃষকের মাঝে এসব বীজ, সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র ও শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আলী।
শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার সরিষা আবাদের ওপর জোর দেওয়া হয়েছে। তাই ৩ হাজার ৭ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সামনে রবি মৌসুমে সরিয়ার আবাদ করার জোর দেওয়া হয়েছে। তাই আজ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। সামনে কৃষকদের আরো সুযোগ সুবিধা দেওয়া হবে।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।