আকবর আলীর নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম

আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কওং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে হংকং সিক্সেস টুর্নামেন্ট। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ দল ঘোষণা করেছে। এবারের আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তরুণ উইকেটকিপার ব্যাটার আকবর আলী।

হংকং সিক্সেসের গত আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। এ বছর ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি ফিরেছেন দলে, যিনি গত আসরেও ছিলেন। এছাড়া জিশান আলমও আছেন। তিনি ২০২৪ সালের আসরে ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছিলেন। পাশাপাশি নিয়েছিলেন ৬টি উইকেট।

এছাড়া দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি আগের আসরেও খেলেছিলেন এবং ৪ ম্যাচে ৩টি উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ৮০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে এবার যোগ দিচ্ছেন দলে, যা নিঃসন্দেহে বাংলাদেশের শক্তি বাড়াবে। বোলিং আক্রমণে থাকছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস অলরাউন্ডার তৌফায়েল আহমেদ রায়হান।

বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিশান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান, তৌফায়েল আহমেদ রায়হান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত