শুবমান গিলকে হটিয়ে প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত শর্মা

দীর্ঘ এক দশক ধরে আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নিয়মিত ছিলেন রোহিত শর্মা। তবে এতদিনেও এক নম্বরে উঠতে পারেননি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে—প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর এর মধ্য দিয়ে একটা ইতিহাসও গড়লেন হিটম্যান। বয়স্কতম ক্রিকেটার হিসেবে পুরুষদের আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পয়লা স্থান দখল করলেন রোহিত। এখন ভারতীয় তারকার বয়স ৩৮ বছর ১৮২ দিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত দ্বিতীয় ম্যাচে করেন ৭৩ রান এবং তৃতীয় ম্যাচে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। এই দুই ইনিংসই তাঁকে তৃতীয় স্থান থেকে শুবমান গিলকে হটিয়ে এক নম্বরে তুলে এনেছে। 

তাঁর আগে শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, কোহলি এবং গিল সেই নজির গড়েছিলেন। যদিও এখন যত রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন রোহিত (৭৮১), ২০১৯ সালে তার থেকেও বেশি পয়েন্ট ছিল তাঁর ঝুলিতে। ২০১৯ সালের বিশ্বকাপের সময় রোহিতের রেটিং পয়েন্ট ৮৮২ হয়ে গিয়েছিল। কিন্তু র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা অধরাই ছিল।

দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৪। তিনে আছেন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫। চারে আছেন পাকিস্তানের বাবর আজম। পাঁচে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। একধাপ নেমে ছয়ে আছেন বিরাট কোহলি।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে ৩৫ নম্বরে তাওহীদ হৃদয়। এক ধাপ এগিয়ে নাজমুল হাসান শান্ত ৪১ নম্বরে। 

ওয়ানডের বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ৩ ধাপ এগিয়ে কেশভ মহারাজ ও মহিশ থিকসানার পর চার নম্বরে জায়গা করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ী মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন। মিরাজ অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে চার নম্বর স্থান ধরে রেখেছেন। আফগানিস্তানের ওমরজাই শীর্ষে, সিকান্দার রাজা দুই এবং মোহাম্মদ নবি আছেন তিন নম্বরে।