এল ক্লাসিকো বিতর্কের পর ইয়ামালকে নিয়ন্ত্রণে রাখছে বার্সেলোনা

এল ক্লাসিকোর আগে দেওয়া আত্মবিশ্বাসী মন্তব্যে যেন উল্টো ফল হয়েছে লামিন ইয়ামালের জন্য। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ে সেই কথা বুমেরাং হয়ে ফিরেছে তরুণ তারকার দিকে। এবার সেই বিতর্কের পর মাঠের বাইরের জীবনেও কড়া নজর দিচ্ছে এফসি বার্সেলোনা। মাত্র ১৮ বছর বয়সেই যিনি বিশ্ব ফুটবলের আলোচনায়, তাঁকে ঘিরে ক্রমবর্ধমান মিডিয়া মনোযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিয়ে চিন্তিত কাতালান ক্লাব। ক্লাব কর্তৃপক্ষের আশঙ্কা—অতিরিক্ত আলোচনায় ইয়ামালের মনোযোগ ফুটবল থেকে সরে যেতে পারে। তাই ‘তরুণ প্রতিভাকে সঠিক পথে রাখতেই’ বার্সা এবার নেমেছে অভিভাবকের ভূমিকায়।

১৮ বছর বয়সী ইয়ামাল সম্প্রতি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ম্যাচবিরতিতে ঘুরে বেড়ানো, জনসমক্ষে উপস্থিতি, সাথে গায়িকা নিকি নিকোলের সঙ্গে তাঁর সম্পর্ক—সবকিছু মিলিয়ে ক্লাবের মনে হচ্ছে, তরুণ তারকাকে ঘিরে অতি বেশি প্রচার হচ্ছে।
এল ক্লাসিকোর আগে করা ইয়ামালের মন্তব্যে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছিলেন ইয়ামাল, যা ক্লাবের ভেতরেও ভালো চোখে দেখা হয়নি। এর পর বার্সেলোনা তাঁর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়, ইয়ামালের মাঠের বাইরের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইয়ামাল মঙ্গলবার চীনা মোবাইল ব্র্যান্ড ওপ্পোর একটি প্রমোশনাল ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল। তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও, ক্লাবের পরামর্শে সেই অনুষ্ঠান বাতিল করা হয়। ক্লাবের ধারণা, এই সময় জনসমক্ষে উপস্থিত হওয়া ভালো বার্তা দেবে না।

ইয়ামালকে নিয়ে ক্লাবের ভেতরেও আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করেন, এত অল্প বয়সে একজন খেলোয়াড়কে অতিরিক্ত আলোয় আনা বুদ্ধিমানের কাজ নয়। মাত্র ১৬ বছর বয়সেই স্পেন জাতীয় দলের হয়ে মিডিয়ার সামনে আসা ইয়ামালকে এখন সুপারস্টারের মতোই নজরে রাখা হচ্ছে।

বার্সেলোনা এখন শুধু ক্লাব পর্যবেক্ষণের বাইরে গিয়ে চাইছে, ড্রেসিংরুমের সিনিয়র খেলোয়াড়রাও যেন তরুণ ফরোয়ার্ডকে সঠিকভাবে দিকনির্দেশনা দেন।

এদিকে মঙ্গলবার বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক খেলোয়াড়দের বিশ্রাম দিলেও, পেদ্রি, ফেরমিন লোপেজ, জুলেস কুন্দে, উয়েচেখ শেজনি ও রুনি বার্ডগজির মতো কয়েকজন খেলোয়াড় অনুশীলনের জন্য ক্লাব প্রাঙ্গণে হাজির হন। বুধবার থেকে এলচের বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু হবে তাদের।