স্প্যানিশ ফুটবলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নেগ্রেইরা কেলেঙ্কারিতে নতুন মোড় নিয়েছে। করপোরেট দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে এফসি বার্সেলোনাকে।
বার্সেলোনার আদালতের ১ নম্বর তদন্ত বিভাগ থেকে জানানো হয়েছে, ক্লাবটির বিরুদ্ধে প্রতারণা ও অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে।
এই মামলার কেন্দ্রবিন্দুতে আছেন হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা, যিনি ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ রেফারিজ টেকনিক্যাল কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তদন্তে জানা গেছে, ওই সময়ের মধ্যে বার্সেলোনা ক্লাব নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৭২ লাথ ইউরো দেয়। এই অর্থপ্রদানগুলোকে ‘রেফারিং পরামর্শ ফি’ হিসেবে দেখানো হলেও তদন্তকারীদের সন্দেহ, রেফারিদের সিদ্ধান্ত প্রভাবিত করতেই আসলে এই অর্থ দেওয়া হয়েছিল।
আদালত বার্সেলোনাকে নির্দেশ দিয়েছে, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি Dasnil 95 SL ও Nilsad SCP–এর সঙ্গে করা মূল চুক্তিপত্র ২০ দিনের মধ্যে জমা দিতে। যদিও ক্লাবটি ২০২১ সালে জানিয়েছিল, এ সংক্রান্ত কোনো অফিসিয়াল রেকর্ড তাদের কাছে নেই।
আগামী ২৭ জানুয়ারি আদালতে হাজির হবেন বার্সেলোনার বর্তমান ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে ২৫ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। লাপোর্তার প্রথম মেয়াদকালেই (২০০৩–২০১০) নেগ্রেইরাকে অর্থ দেয়ার ঘটনা ঘটে।
এছাড়া সাবেক দুই কোচ লুইস এনরিকে ও আরনেস্তো ভালভার্দেকেও তলব করা হয়েছে নেগ্রেইরার দেওয়া তথাকথিত ‘রিপোর্ট’ তাদের ট্যাকটিক্যাল সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল কি না তা জানতে। আর সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্ত আগামী ফেব্রুয়ারিতে সাক্ষ্য দেবেন তার মেয়াদে (২০০০–২০০৩) শুরু হওয়া অর্থপ্রদানের বিষয়ে ব্যাখ্যা দিতে।
এই মামলায় নতুন করে অভিযুক্ত হওয়ার ফলে বার্সেলোনার ভাবমূর্তি আবারও বড় ধাক্কা খেল। যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনো যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করছে, আদালতের সাম্প্রতিক পদক্ষেপ তাদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।
আগামী কয়েক মাসে সাক্ষ্যগ্রহণ ও চুক্তিপত্র বিশ্লেষণের ফলাফলই নির্ধারণ করবে, বার্সেলোনা নিজেদের নাম পরিষ্কার করতে পারবে কি না—নাকি আরও বড় শাস্তির মুখে পড়বে।
শুবমান গিলকে হটিয়ে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত শর্মা