গৃহবধূর ঝুলন্ত দেহের পাশেই পড়েছিল শিশুর লাশ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে আফরোজা আফরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই কক্ষের বিছানায় থাকা আতিয়া আয়েশা নামে ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ফটিকছড়ি পৌরসদরের ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের নিচ তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত আফরোজা আফরিন ওই এলাকার মো. আনোয়ারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে কামাল ভবনের নিচতলার আনোয়ারের শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্ষটি ভেতর থেকে লাগানো ছিল, পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ ঝুলন্ত অবস্থা থেকে মা এবং পাশে বিছানায় পড়ে থাকা ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে ওই গৃহবধূ তার কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।