নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩১৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। নারী প্রোটিয়াদের অধিনায়ক ও ওপেনিং ব্যাটার লরা উলভার্ট খেলেন ১৬৯ রানের ইনিংস। উলভার্টের ইনিংসে ছিল ২০ চার ও ৪ ছক্কা।
ওয়ানডেতে এটি উলভার্টের দশম সেঞ্চুরি। দারুণ ইনিংস খেলা উলভার্টের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অবশ্য এটি নয়। ওয়ানডেতে তার অপরাজিত ১৮৪ রানের ইনিংস আছে। নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের এর ২৩২*।
তবে এই ইনিংসেই বেশ কিছু রেকর্ড নিজের করেন নিয়েছেন উলভার্ট। নারী বিশ্বকাপের নকআউট ম্যাচে সেঞ্চুরি করা প্রথম অধিনায়ক উলভার্ট। শুধু তাই নয়, তার ইনিংসটি বৈশ্বিক আসরে দক্ষিণ আফ্রিকার হয়েও সর্বোচ্চ।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নারী দলের হয়ে আগের সেরা ইনিংসটি ছিল মারিজান ক্যাপের। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০২ রান। এবার তাকে ছাড়িয়ে গেলেন উলভার্ট।
নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ বিশ্বকাপে মুম্বাইতে ডেনমার্কের বিপক্ষে তিনি খেলেছিলে অপরাজিত ২২৯ রানের ইনিংস।